একদিকে মাইলের পর মাইল বিস্তৃত সুনীল সমুদ্রের গর্জন, অন্যদিকে উত্তরের শান্ত সমতল ভূমি। ভূগোলের এই দুই বিপরীত মেরুকে এক সুতায় বেঁধে দিয়েছে রুপালি মাছের শুঁটকি। ভোরের আলো ফোটার আগেই চারপাশ ম ম করে ওঠে চেনা সেই কড়া সুবাসে। চারদিকে কেবল শুঁটকির স্তূপ আর শত শত মানুষের হাঁকডাক। গত কয়েক দশকে নিভৃতেই সৈয়দপুরে গড়ে উঠেছে শুঁটকির এক সুবিশাল বাজার।
চট্টগ্রাম দেশের বৃহত্তম শুঁটকির বাজার হলেও এর পরেই নিজের অবস্থান পাকা করেছে উত্তরের শহর সৈয়দপুর। প্রাচীনকাল থেকেই রোদে শুকিয়ে মাছ সংরক্ষণের যে ইতিহাস বাংলার জনপদে মিশে আছে, গত কয়েক দশকে সেই ঐতিহ্যের ওপর ভর করেই এই শহরের পরিচয়ে নতুন মাত্রা যোগ করেছে শুঁটকির বাজার। বছরে ১০০ কোটি টাকার বেশি শুঁটকি বেচাকেনা হয় এখানে। একসময় যেমন বাংলার মসলিন বা মসলা প্রাচীন বাণিজ্য পথ ধরে দূরদেশে যেত, তেমনি আজ দেশের গণ্ডি পেরিয়ে এখানকার শুঁটকির সুবাস ছড়াচ্ছে প্রতিবেশী দেশ ভারতেও।