তৈরি পোশাকের নতুন ক্রেতা খুঁজতে হংকংয়ে আগামীকাল বুধবার বাংলাদেশ অ্যাপারেল রোড শো অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে ক্রেতা প্রতিনিধিদের সামনে তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদনব্যবস্থা তুলে ধরবেন বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তারা।
বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ও তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে এ রোড শো করছে। আয়োজকেরা জানান, রোড শোতে অন্তত ৫৭টি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ থেকে ২৬–২৭ জনের একটি দল আয়োজনে থাকবে।