শেয়ারবাজারে শেয়ারের তদারকি বা সার্ভেল্যান্সের কারণে যাতে বাজারে ভীতি না ছড়ায়, সে জন্য সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে অহেতুক সার্ভেল্যান্সের বদলে তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে ডিএসইর শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি ও ডিএসই সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ারের বিষয়ে তদন্তের উদ্যোগে বাজারে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। এতে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে বিনিয়োগ তুলে নেন; যার বড় ধরনের প্রভাব পড়ে বাজারের লেনদেন ও শেয়ারের দামে। কারণ, তদন্তের অংশ হিসেবে ডিএসইর পক্ষ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউসে নানা ধরনের তথ্য চেয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়। তথ্য চাওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মাঝারি ও বড় বিনিয়োগকারীদের অনেকে নিজেদের গুটিয়ে নেন। এ অবস্থায় তদন্ত বা তদারকির নামে যাতে বাজারে আতঙ্ক না ছড়ায়, সেটি নিশ্চিত করতে চায় বিএসইসি। এরই অংশ হিসেবে ডিএসই শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির দুই কমিশনার, একাধিক নির্বাহী পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা।