দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। এ নিয়ে গত চার দিনে তিনবার কমল সোনার দাম। আজ রোববার সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা।
এর আগে শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা। বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ১ হাজার ৬৯১ টাকা। অর্থাৎ চার দিনে সোনার দাম কমল ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১৭৩ টাকা। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি রোববার সকালে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। বলা হয়, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দরপতনই হচ্ছে মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।