শেয়ারবাজারে যে কোম্পানির বা খাতের শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) যত কম, সেই কোম্পানি বা খাত বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। সেই বিবেচনায় বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংক খাতের শেয়ার। কারণ, ব্যাংক খাতের শেয়ারের গড় পিই রেশিও সবচেয়ে কম। গত সপ্তাহ শেষে ব্যাংক খাতের শেয়ারের গড় পিই রেশিও ছিল ৫ দশমিক ২৭। তা সত্ত্বেও ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগে আগ্রহ কম বিনিয়োগকারীদের।
শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারের মূল্য আয় অনুপাত বিবেচনায় ব্যাংকের শেয়ারে বিনিয়োগ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হলেও ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতির কারণে এই খাতের প্রতি বিনিয়োগকারীদের বড় ধরনের আস্থার ঘাটতি রয়েছে। অতীত অভিজ্ঞতার কারণে হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশির ভাগ ব্যাংকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রয়েছে। আবার ভালো ব্যাংকগুলোও তাদের মূল ব্যবসার ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না। গত কয়েক বছরে কিছু ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার বড় অংশই এসেছে সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগের মুনাফা থেকে। প্রকৃত ব্যবসা থেকে আয় খুব বেশি বাড়েনি। ট্রেজারি বিল-বন্ডের মুনাফা সাময়িক। এসব বিবেচনায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা কম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও ব্যাংকের শেয়ারে বিনিয়োগে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না।