ঢাকার উত্তরে আশুলিয়ায় হা–মীম গ্রুপের পোশাক কারখানায় তখন বেলা ১১টা। প্রতিটি তলায় চলছে বিরামহীন কর্মযজ্ঞ। শিল্পকারখানায় ব্যবহৃত কাটিং মেশিনে ডেনিম কাপড় কেটে নিখুঁত মাপের টুকরা তৈরি করা হচ্ছে। পাশেই কর্মীরা সেসব কাপড় সেলাই করে বানাচ্ছেন জিনস, স্কার্ট ও জ্যাকেট।
এরপর কাপড় ধোয়া, ইস্তিরি করা, বোতাম ও চেইন লাগানোর কাজ। সবশেষে যুক্ত হচ্ছে ব্র্যান্ডের লেবেল। এরপর কিছু কর্মী তৈরি পোশাক বাক্সে ভরছেন। হা–মীম গ্রুপের বড় গ্রাহকদের মধ্যে আছে গ্যাপ, আমেরিকান ইগল ও জেসি পেনি। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ৯৩ লাখ পোশাক তৈরি করে।