Money
রংপুরে শিল্পের বিকাশে বড় বাধা অর্থায়ন ও জ্বালানিসংকট
রংপুরের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও অর্থায়ন, জ্বালানি ও উৎপাদন ব্যয়ের সংকটে শিল্প খাত পিছিয়ে আছে। এ অঞ্চলের ব্যবসা–বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্
লেখক আলতাফ হোসেন11K বার পড়া

রংপুরের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। এতে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হলেও অর্থায়ন, জ্বালানি ও উৎপাদন ব্যয়ের সংকটে শিল্প খাত পিছিয়ে আছে। এ অঞ্চলের ব্যবসা–বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হক। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর রংপুর প্রতিনিধি আলতাফ হোসেন।
রংপুরের ব্যবসা-বাণিজ্যের মূল খাত কোনগুলো?
এমদাদুল হক: রংপুরের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের মূল ভিত্তি হলো কৃষি ও কৃষিনির্ভর বিভিন্ন খাত। ধান, আলু, ভুট্টা, শাকসবজি ও তামাকের মতো কৃষিপণ্যের উৎপাদন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ এ অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নার্সারি ও উদ্যানভিত্তিক ব্যবসারও প্রসার ঘটছে। রংপুরের ঐতিহ্যবাহী কুটিরশিল্প ও হস্তশিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে। এ ক্ষেত্রে শতরঞ্জির কথা উল্লেখ করা যায়। বিদেশেও এর বাজার আছে। এ ছাড়া চাল, সার, কীটনাশক, পাট, ভোজ্যতেল, কৃষি যন্ত্রপাতি ও তামাকের পাইকারি ও খুচরা বাণিজ্য স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন, পরিবহন ও আর্থিক সেবা খাতের প্রসার ঘটছে।



