বিশ্বের খেলনার বাজার ১২ হাজার ৩০০ কোটি ডলারের। এই বিশাল বাজারে গত বছর চীন রপ্তানি করছে ৩ হাজার ৪৮২ কোটি ডলারের খেলনা। অথচ বাংলাদেশের রপ্তানি মাত্র ৬ কোটি ২৯ লাখ ডলারের। গত অর্থবছরে অবশ্য বাংলাদেশের খেলনা রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
কিন্তু বৈশ্বিক বাজারে বড় অংশীদারত্ব নেওয়ার সুযোগ এখনো কাজে লাগানো যাচ্ছে না। উদ্যোক্তাদের অভিযোগ, বিদেশ থেকে কাঁচামাল আমদানির জটিলতা, নীতিসহায়তার অভাব, মানোন্নয়নে সমন্বিত পরিকল্পনা না থাকা এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পিছিয়ে পড়ছে এই শিল্প। বিদেশি বিনিয়োগে কয়েকটি কারখানা রপ্তানিতে এগিয়ে থাকলেও দেশীয় উদ্যোক্তাদের সামনে বাধা অনেক।