গত তিন-চার দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছেছে কি না, সে প্রশ্ন থাকতেই পারে। তবে অর্থনৈতিক সক্ষমতা যে বেড়েছে, তা নিয়ে সন্দেহ নেই। আর এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রতিফলন দেখা যায় আবাসন, নির্মাণ ও ভবনশিল্পে।
শুধু শহর নয়, গ্রামেও এর পরিবর্তন স্পষ্ট। একসময় যেখানে টিনের ঘর ছিল, সেখানে এখন মানুষ স্থায়ী ভবন তৈরি করছেন। বিদেশে বা শহরে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পর অনেকেই গ্রামে নিজেদের একটি স্থায়ী বাড়ি করতে চান। এটি মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রতিফলন। যদিও এই আকাঙ্ক্ষাকে পরিকল্পিত ও শৃঙ্খলিত করার কাজটি আমরা যথাযথভাবে করতে পারিনি।