জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬)। সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। আবেদন চলব
লেখক নিজস্ব প্রতিবেদক··23K বার পড়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ রোববার (২২ নভেম্বর ২০২৬)। সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষা কত নম্বরে—
১৬ নভেম্বর ২০২৬ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি আবেদনে সব ইউনিটে জিপিএ শর্ত কমিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের। পাস নম্বর ৪০। পরীক্ষায় ৮০টি প্রশ্নে মোট ৯০ নম্বর থাকবে এবং ১০ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হবে। প্রতি প্রশ্নের মান ১.১২৫; আগে যেটা ছিল ১। নেগেটিভ মার্কিং ০.২০।
আসন বৃদ্ধি—
গত শিক্ষাবর্ষে ১ হাজার ৮৪২ আসনে শিক্ষার্থী ভর্তি নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। এবার ১ হাজার ৮৪৮ আসনে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। আসন বেড়েছে মাত্র ৬টি। ২০২৫ সালে বেড়েছিল ১০টি আসন।
আবেদন ফি—
ভর্তিচ্ছুদের অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির আবেদন ফি ৮০০ টাকা। ই ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা এবং সি-১ ইউনিট ও আইবিএ-জেইউর আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এই সার্ভিস চার্জ সব ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য।
আবেদনের যোগ্যতা—
*২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২৫ ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ (৪র্থ বিষয়সহ):
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। পৃথকভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ ইউনিটে আবেদনের জন্য মোট জিপিএ ৮.৫০ এবং পৃথকভাবে ৪.০০ থাকার শর্ত ছিল।
‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ)
‘বি’ ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। অন্যদিকে, মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ নির্ধারণ করা হয়েছে।
‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ; নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ)
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে)।
‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে)।
‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ
এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা, মানবিক ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
আবেদনের নিয়মাবলি—
শিক্ষার্থীদের প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট -তে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে। এরপর আবেদনকারীকে নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। ওই নম্বরে পাঠানো পাসওয়ার্ড পরবর্তী সময়ে আবেদন ও ওয়েবসাইট ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
একটি মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে একই মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিকবার আবেদন করা যাবে না।
আবেদনকারীদের নিজস্ব প্রোফাইলে গিয়ে ‘ছবি আপলোড করুন’ ও ‘স্বাক্ষর আপলোড করুন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের মধ্যে হতে হবে। অন্যদিকে স্বাক্ষরের আকার হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট। ছবি ও স্বাক্ষর অবশ্যই জেপিজি (JPG) অথবা জেপিইজি (JPEG) ফরম্যাটে আপলোড করতে হবে।
এরপর আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে পছন্দের ইউনিট নির্বাচন করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। এভাবে একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পন্ন করতে পারবেন। পেমেন্টের বিস্তারিত নিয়ম ও ধাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।
প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষার সময়সূচি—
২৫ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছুরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা সম্ভাব্য আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।