Lifestyle
একটি চাকরির পেছনে ১,৪৩০ জন! সরকারি চাকরিতে প্রতিযোগিতা কতটা তীব্র
প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছেন। তাঁদের জন্য নতুন কাজ কতটা তৈরি হচ্ছে, সেই প্রশ্নের মধ্যেই সরকারি চাকরিতে তীব্র প্রতিযোগিতার নতুন চিত্র সামনে এসেছে। সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫টি পদের বি
লেখক গোলাম রব্বানী19K বার পড়া
প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করছেন। তাঁদের জন্য নতুন কাজ কতটা তৈরি হচ্ছে, সেই প্রশ্নের মধ্যেই সরকারি চাকরিতে তীব্র প্রতিযোগিতার নতুন চিত্র সামনে এসেছে। সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ২১ লাখ ২৩ হাজারের বেশি প্রার্থী। অর্থাৎ একটি পদের জন্য গড়ে প্রায় ১ হাজার ৪৩০ জন। চাকরির বাজারে নতুন মানুষের চাপ বাড়লেও তাঁদের জন্য কাজের সুযোগ কতটা বাড়ছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
সমাজসেবা অধিদপ্তর ৫২টি ক্যাটাগরিতে ১ হাজার ৪৮৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। ২ জুন থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যায়, মোট ২১ লাখ ২৩ হাজার প্রার্থী আবেদন জমা দিয়েছেন। মোট পদসংখ্যা দিয়ে হিসাব করলে প্রতি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১ হাজার ৪৩০ জন। এটি কোনো বিসিএস পরীক্ষা নয়, কিংবা পদগুলোর শিক্ষাগত যোগ্যতাও এক নয়। বিজ্ঞপ্তিতে এসএসসি থেকে শুরু করে স্নাতক পর্যন্ত বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের আবেদনের সুযোগ ছিল। সবচেয়ে বেশি ৪৭৮টি পদ ছিল অফিস সহায়কের, যার জন্য এসএসসি পাস হলেই আবেদন করা গেছে। এ ছাড়া ৩১২টি ইউনিয়ন সমাজকর্মী পদসহ শিক্ষক, কম্পিউটার অপারেটর, কারিগরি প্রশিক্ষক ও ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিয়োগের সুযোগ ছিল।


