সেপ্টেম্বরে চাকরির বাজারে বড় পরিবর্তন আসেনি, তবে কয়েকটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি কর্মসংস্থান খাতকে সরব রেখেছে। সরকারি খাতে একদিকে ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার পদ, অন্যদিকে পেট্রোবাংলায় ৭৫৩ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৪ পদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। বেসরকারি খাতেও সেলস, ব্যাংক, এনজিও ও প্রযুক্তিনির্ভর কাজে নিয়োগ দেখা গেছে। সামনে সাধারণ বিসিএসের নতুন বিজ্ঞপ্তিও আসার কথা।
বড় নিয়োগে সরকারি খাত
সেপ্টেম্বরে সরকারি চাকরির বাজারের সবচেয়ে বড় ঘটনা ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫ হাজার পদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ পদ। ৩০ সেপ্টেম্বর এই বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসও প্রকাশ করেছে পিএসসি।