একজন আপন মানুষ চান, যাঁর কাছে অকপটে মনের কথা বলা যায়। দিব্যি নিজের স্বতন্ত্রতা নিয়ে নিরাপদ বোধ করা যায়। কিন্তু যখন সত্যিই কেউ কাছে আসেন বা আসার মতো পরিস্থিতি তৈরি হয়, তখনই অদ্ভুত এক অস্বস্তি শুরু হয়। যত্ন পেলে সন্দেহ হয়। ভালোবাসা পেলে ভয় লাগে। সম্পর্ক গভীর হওয়ার আগেই দূরে সরে যেতে ইচ্ছা করে। যেন মন বলছে, আমি মানুষটাকে চাই, অথচ ভেতরের আরেকটি কণ্ঠ বলছে, ‘পালাই, পালাই’। কেন এমন হয়?
শৈশবে কিংবা আগের কোনো সম্পর্কে যদি ভালোবাসার সঙ্গে কষ্ট, ট্রমা, প্রত্যাখ্যান বা অনিশ্চয়তা জড়িয়ে থাকে, তাহলে মস্তিষ্ক ভালোবাসাকে সব সময় নিরাপদ হিসেবে চিনতে পারে না। আগের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে অনিরাপদ হিসেবে চিহ্নিত করে।