২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া শুরু হবে ২৭ সেপ্টেম্বর। অনলাইনে এই আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর।
আজ সোমবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন (ভর্তি হওয়ার সম্মতি) করা যাবে। কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর। আর এ ধাপে নির্বাচিতদের কলেজ-মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।