সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন আজ শনিবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের শিক্ষাসহায়ক ভাতা ও টিফিন ভাতা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চাকরিজীবীদের সন্তানেরা মাসে সর্বোচ্চ এক হাজার টাকা শিক্ষাসহায়ক ভাতা পাবে।
নবম পে স্কেলের গেজেটের নির্দেশনায় বলা হয়েছে, সব কর্মচারী প্রত্যেক সন্তানের জন্য মাসিক ৫০০ টাকা হারে এবং অনধিক দুই সন্তানের জন্য মাসিক সর্বোচ্চ ১ হাজার টাকা শিক্ষাসহায়ক ভাতা পাবেন। তবে স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি কর্মচারী হলে সন্তানের সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রে গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে। বয়সের সার্টিফিকেট দাখিল সাপেক্ষে ২৩ বছর বয়স পর্যন্ত কর্মচারীরা সন্তানের জন্য শিক্ষাসহায়ক ভাতা প্রাপ্য হবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।