১.
গণিত আমার খুব প্রিয় একটি বিষয়। বিভিন্ন বই ও ইন্টারনেটে গণিত সম্পর্কে পড়তে গিয়ে একটি বিষয় আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আমরা জানি, গণিতের মাধ্যমে মহাবিশ্বের অনেক রহস্য ব্যাখ্যা করা যায়। গ্রহ-নক্ষত্রের গতি, আলোর বেগ, এমনকি একটি গাছের পাতার বিন্যাসেও গণিতের ছাপ পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো—গণিত কি মানুষের আবিষ্কার, নাকি এটি মহাবিশ্বের শুরু থেকেই বিদ্যমান ছিল এবং মানুষ শুধু সেটিকে খুঁজে পেয়েছে? যদি গণিত মানুষের তৈরি হয়, তাহলে কেন মহাবিশ্বের প্রায় সব নিয়ম এত নিখুঁতভাবে গণিতের সূত্র মেনে চলে? আবার যদি গণিত আগে থেকেই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকে, তাহলে পৃথিবীতে মানুষ আসার আগেও কি গণিতের সত্যগুলো একইভাবে বিদ্যমান ছিল?
ইকরামুল হোসেন, ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর।