ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়ে আছেন সীমানাদেয়ালের ওপর। কেউ আবার গাছের ডালে বসেই অনুষ্ঠান দেখেছেন। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ও ভবনে অবস্থান নি
লেখক বিনোদন প্রতিবেদক··154K বার পড়া
ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়ে আছেন সীমানাদেয়ালের ওপর। কেউ আবার গাছের ডালে বসেই অনুষ্ঠান দেখেছেন। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ও ভবনে অবস্থান নিয়েছিলেন শত শত মানুষ। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে এমনই এক উৎসবমুখর পরিবেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। শুধু জয়পুরহাট নয়, আশপাশের জেলা থেকেও হাজারো মানুষ এসেছিলেন অনুষ্ঠানটি দেখতে। আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি।
১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’র বয়স এখন ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে বদলে গেছে বিনোদনের মাধ্যম, বদলেছে দর্শকের অভ্যাস। টেলিভিশনের পাশাপাশি বিনোদনের বড় মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব, ফেসবুক ও ওটিটি প্ল্যাটফর্ম। এত পরিবর্তনের মধ্যেও দেশের কোনো জনপদে ‘ইত্যাদি’ ধারণের খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, জয়পুরহাটেও তার ব্যতিক্রম হয়নি।
সপ্তদশ শতাব্দীর দিঘির পাড়ে ‘ইত্যাদি’ নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে যেতে শুরু করে ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও প্রচারের আড়ালে থাকা মানুষদের গল্প তুলে ধরার সেই ধারাবাহিকতায় এবার হানিফ সংকেত গিয়েছেন সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে।
জয়পুরহাটের কালাই উপজেলার সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক নান্দাইল দিঘির পাশেই অবস্থিত নান্দাইল দিঘি কলেজ। কলেজ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছিল অনুষ্ঠানের মূল মঞ্চ। দিঘির জলরাশি, চারপাশের সবুজ প্রকৃতি আর মঞ্চের আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয়েছিল ভিন্ন এক পরিবেশ।
নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানটির ধারণ উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছিল উৎসবের আবহ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। কালাই ছাড়াও জেলার অন্য উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে এসেছিলেন নানা বয়সের মানুষ। অনুষ্ঠানস্থলের বাইরে থেকেও দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান উপভোগ করেছেন অনেকে।
জয়পুরহাটের দুই গুণী শিল্পী, থাকছেন ইয়াসমীন মুশতারীও এবারের পর্বের গানের আয়োজনে বিশেষ গুরুত্ব পেয়েছেন জয়পুরহাটের শিল্পীরা। থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গান থেকে তিনটি বেছে নিয়ে তৈরি করা হয়েছে একটি সংকলিত গান। একই পরিবেশনায় তাঁর তিনটি জনপ্রিয় গান শোনার সুযোগ পাবেন দর্শকেরা।
চলমান নজরুল বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন দুই বরেণ্য নজরুলসংগীতশিল্পী। তাঁরা হলেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমীন মুশতারী। খুরশীদ আলমের সংকলিত গান ও নজরুলসংগীত—দুটিরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
বরাবরের মতো এবারও থাকছে ধারণস্থানের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
রং নয়, ছাই দিয়েই আঁকেন প্রতিকৃতি বিনোদনের পাশাপাশি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও উদ্যোগী মানুষদের খুঁজে বের করা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্য। এবারের পর্বেও থাকছে তেমন কয়েকজন মানুষের গল্প। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের কথায় উঠে এল জয়পুরহাটের কয়েকজন মানুষকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা।
তাঁদের একজন জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের প্রসেনজিৎ বর্মন। ছবি আঁকার জন্য তাঁর প্রয়োজন হয় না প্রচলিত রং কিংবা ক্যানভাসের। মাটিই তাঁর ক্যানভাস, আর ছবি আঁকার উপকরণ ছাই। এই সাধারণ উপকরণ দিয়েই তিনি ফুটিয়ে তোলেন নানা প্রতিকৃতি। প্রসেনজিতের ব্যতিক্রমী শিল্পকর্ম ও প্রতিভার গল্প তুলে ধরা হবে এবারের ‘ইত্যাদি’তে।
থাকছে জয়পুরহাটের বাক্প্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে আরেকটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। কথা বলতে না পারার সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের সামর্থ্য ও প্রচেষ্টায় জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। এই তিন ভাইয়ের জীবনসংগ্রামের গল্পও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবারের পর্বে।
লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে নতুন তথ্য কৃষিসমৃদ্ধ জেলা জয়পুরহাটের অর্থনীতিতে কৃষি ও পোলট্রিশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার পরিচিত কৃষিপণ্য লতিরাজ কচু ও সোনালি মুরগিও উঠে এসেছে এবারের আয়োজনে।
হানিফ সংকেত জানালেন, জয়পুরহাটের কৃষি ও পোলট্রিশিল্প নিয়ে এবারের ‘ইত্যাদি’তে থাকছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। বিশেষ করে লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে আসবে, যা অনেক দর্শকের কাছেই নতুন। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, সমৃদ্ধ কৃষি ও দেশের পোলট্রিশিল্পের অগ্রযাত্রায় জেলাটির ভূমিকা নিয়ে তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন।
ক্ষুদ্র কৃষক, অথচ কত বড় তাঁর উদ্যোগ নিজের সামর্থ্য সীমিত হলেও অন্যের বিপদে পাশে দাঁড়ানো যায়। যশোরের কেশবপুর উপজেলার লেয়াকত আলী তেমনই একজন মানুষ। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী লেয়াকত আলী। দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা করে আসছেন তিনি। প্রচারের আলো থেকে দূরে থেকেই চালিয়ে যাচ্ছেন মানবসেবার এই কাজ। দেশের বিভিন্ন অঞ্চলে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের উদ্যোগের কথা স্থানীয় গণ্ডির বাইরে খুব একটা পৌঁছায় না। তাঁদের খুঁজে বের করে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে ‘ইত্যাদি’। এবারের অনুষ্ঠানের শেষ দিকে থাকছে লেয়াকত আলীর মানবিক উদ্যোগ নিয়ে প্রতিবেদন।
লতি ও মুরগি নিয়ে স্থানীয় ভাষায় অভিনয় ‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন দর্শক পর্বেও এবার গুরুত্ব পেয়েছে জয়পুরহাটের নিজস্ব পরিচয়। ধারণস্থান ও জেলা সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়।
দর্শক পর্বের দ্বিতীয় অংশে তাঁদের জন্য ছিল অভিনয়ের আয়োজন। জয়পুরহাটের পরিচিত দুটি পণ্য লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন তাঁরা। জেলার পরিচিত পণ্য ও আঞ্চলিক ভাষার সমন্বয়ে সাজানো হয়েছে এই পর্ব।
সেলফি, অনলাইন প্রতারণা ও ডিজিটাল ট্রল নিয়ে ব্যঙ্গ সমাজের নানা অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা ‘ইত্যাদি’র দীর্ঘদিনের বৈশিষ্ট্য। সময়ের সঙ্গে সামাজিক সমস্যার ধরন বদলেছে, বদলেছে অনুষ্ঠানের নাট্যাংশের বিষয়বস্তুও।
কীভাবে এত বছর দর্শকের আগ্রহ ধরে রেখেছে ‘ইত্যাদি’ দর্শকের রুচি ও বিনোদনের মাধ্যম বদলে যাওয়ার পরও কীভাবে এত বছর জনপ্রিয়তা ধরে রেখেছে ‘ইত্যাদি’? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল হানিফ সংকেতের কাছে প্রথম আলোকে দেওয়া আগের এক সাক্ষাৎকারে। অনুষ্ঠানটির শক্তি সম্পর্কে তখন হানিফ সংকেত বলেছিলেন, ‘এটার শক্তি হচ্ছে, অনুষ্ঠানের প্রতি আমার ভালোবাসা। আমার দায়বদ্ধতা, একাগ্রতা ও আন্তরিকতা; সঙ্গে একটুখানি মেধা হয়তো আছে।’
অনুষ্ঠানের সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে হানিফ সংকেতের বক্তব্য ছিল, ‘আমি কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি।’ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা, স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা, প্রচারবিমুখ প্রতিভাবান মানুষের সন্ধান, সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গ এবং পরিবারের সবাই মিলে উপভোগ করার মতো বিনোদন—এসবের সমন্বয়েই দীর্ঘদিন ধরে নিজস্ব পরিচয় ধরে রেখেছে অনুষ্ঠানটি।
জয়পুরহাটের নান্দাইল দিঘির পাড়ে ভবনের ছাদ, সীমানাদেয়াল কিংবা গাছের ডালে বসে দর্শকদের অনুষ্ঠান দেখার দৃশ্যই যেন বলে দেয়, ৩৭ বছর পরও ‘ইত্যাদি’র প্রতি মানুষের আগ্রহ কতটা অটুট।
কখন, কোথায় দেখা যাবে আজ শুক্রবার, ২৭ নভেম্বর, রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জয়পুরহাটে ধারণ করা ‘ইত্যাদি’র নতুন পর্ব। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। শিল্পনির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন অনুষ্ঠানের নিয়মিত শিল্পনির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।