মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে এখন কী হচ্ছে? জানার কৌতূহল নিয়ে শুক্রবার ছুটির দিনের সকালে এলাম পাবনা শহরের গোপালপুর এলাকায়। পাবনা সরকারি কলেজের পাশ দিয়ে চলে গেছে প্রশস্ত ঢাকা রোড। কলেজের ঠিক সামনে থেকে উত্তর দিকে নেমে গেছে হেমসাগর লেন। সড়কের সঙ্গেই মহানায়িকার বাড়ির নামফলক লেখা।
চোখে পড়ল একদল তরুণ-তরুণী বড় বড় মুভি ক্যামেরা আর আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বেশ কর্মব্যস্ত। কেউ কেউ মগ্ন অনেক দিন না পরিষ্কার করায় ধুলোর আস্তর জমে থাকা নামফলক ঝেড়ে মুছে লেখাজোখা পুনরুদ্ধারের কাজে। তাদের পাশ কাটিয়ে পিচঢালা লেনটি ধরে কয়েক কদম সমনে এগিয়ে যেতেই পেলাম মহানায়িকার পৈতৃক বাড়ি।