অভিনয়ের শুরুটা সুখকর ছিল না। কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের একটি নাটকে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। কিন্তু অভিনয় দেখে সন্তুষ্ট হতে পারেননি নির্মাতা। সহকারীকে ডেকে তাঁকে শুটিং থেকে বের করে দেওয়ার কথাও বলেছিলেন। ঘটনাটি মনে গভীর দাগ কেটেছিল অভিনেতা সোহেল খানের। সেই অপমানই একসময় হয়ে ওঠে ভালো অভিনেতা হওয়ার প্রেরণা। ঠিক করেছিলেন, এমন অভিনয় করবেন, যাতে একদিন হুমায়ূন আহমেদ নিজেই তাঁর প্রশংসা করেন।
সেই ব্যর্থতার অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন সোহেল। ছোট পর্দার নাটক থেকে ধীরে ধীরে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্রেও। অভিনয় করেছেন নানা ধরনের চরিত্রে। জীবনের শেষ দিন পর্যন্তও ছিলেন শুটিংয়ে। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় একটি সিনেমার শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান এই অভিনেতা। তাঁর মৃত্যুতে থেমে গেল দীর্ঘ অভিনয়যাত্রা।