‘তোমারে আমি ঘুমাইতে দিমু না’—অভিনয়শিল্পী বন্ধু মুকিত জাকারিয়াকে কথাটা বলেছিলেন অভিনেতা সোহেল খান। ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় যাওয়ার পর পাশাপাশি দুটি কক্ষে থাকছিলেন তাঁরা।
শুটিং শেষে রাত জেগে চলত আড্ডা, হাসি আর গল্প। বন্ধুকে ঘুমাতে দেবেন না—এমন মজার কথাও বলেছিলেন সোহেল। কিন্তু কে জানত, সেই বন্ধুই একদিন তাঁকে চিরদিনের মতো ঘুমিয়ে যেতে দেখবেন! একসঙ্গে বগুড়ায় গিয়েছিলেন, কথা ছিল শুটিং শেষে একসঙ্গেই ঢাকায় ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না। বগুড়ায়ই হঠাৎ অসুস্থ হয়ে আজ মঙ্গলবার সকালে মারা গেলেন সোহেল খান।