সালমান খানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, টাইগার শ্রফের গাড়িতে গুলি, সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি। একের পর এক ঘটনায় বলিউডে আতঙ্ক ছড়িয়েছে। এবার সেই আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে শুটিংয়েও। নিরাপত্তার কারণে কিছু শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বদলানো হচ্ছে শুটিংয়ের স্থান। এতে অনিশ্চয়তায় পড়েছেন চলচ্চিত্রশিল্পের দৈনিক মজুরিতে কাজ করা কর্মীরা। পরিস্থিতি আরও খারাপ হলে শুটিং বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
সাম্প্রতিক হামলা ও হুমকির ঘটনায় চলচ্চিত্রশিল্পের কর্মীদের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে কথা বলেন সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। তাঁর দাবি, নিরাপত্তার কথা ভেবে কয়েকটি ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে বা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটম্যান, স্পটবয়, টেকনিশিয়ানসহ দৈনিক মজুরিতে কাজ করা কর্মীরা। শুটিং না হলে তাঁদের আয়ও বন্ধ হয়ে যায়।