মাত্র ২০ বছর বয়স। এরই মধ্যে মাসে আয় করছেন ৩ থেকে ১০ লাখ রুপি। নিজের উপার্জনে মায়ের চাকরি ছাড়ানোর পাশাপাশি পরিবারের ভ্রমণের স্বপ্নও পূরণ করেছেন। কিনেছেন গাড়ি, থাকছেন বেঙ্গালুরুর তিন শোবার ঘরের ফ্ল্যাটে। শুধু তা-ই নয়, নিজের দাবি অনুযায়ী, আগামী ১০ বছর চলার মতো অর্থও জমিয়েছেন। ভারতের মালয়ালম রিয়েলিটি শো ‘বিগ বস মালয়ালম ৭’-এর সাবেক প্রতিযোগী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রেনা ফাতিমার গল্পটি এমনই।
সম্প্রতি নিজের আর্থিক সাফল্যের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রেনা। সেখানে তিনি বলেন, মাত্র ১৫ বছর বয়স থেকেই নিজের উপার্জন শুরু করেন। এর পর থেকে আর কখনো আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভর করতে হয়নি তাঁকে। বর্তমানে তাঁর মাসিক আয় সর্বনিম্ন ৩ লাখ রুপি, কোনো কোনো মাসে তা ১০ লাখ রুপিতেও পৌঁছায়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৯০ হাজার থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা। উপার্জিত অর্থের যথাযথ করও দেন বলে জানিয়েছেন তিনি।