ঝলমলে মঞ্চ, চোখধাঁধানো পোশাক, হাসিমুখে হাত নাড়ানো সুন্দরীরা, আর শেষ মুহূর্তে বিজয়ীর মাথায় বসানো হীরার মুকুট—মিস ইউনিভার্স মানেই যেন রূপকথার এক আয়োজন। কিন্তু সাত দশকের বেশি সময়ের এই প্রতিযোগিতার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মুকুটের পেছনে জমে আছে বিতর্ক, অপমান, কান্না, বিচারকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, এমনকি বিজয়ী ঘোষণার ভয়াবহ ভুলও।
১৯৫২ সালে যাত্রা শুরু করা মিস ইউনিভার্স এখন বিশ্বের সবচেয়ে পরিচিত সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি। কিন্তু সময়ের সঙ্গে এই প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের মঞ্চ হয়ে থাকেনি; নারীস্বাধীনতা, বর্ণবৈষম্য, শরীর নিয়ে বিদ্রূপ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাণিজ্যিক স্বার্থের প্রশ্নও বারবার সামনে এসেছে।