চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল ঢালিউডে বাড়তি আয়োজন। পাঁচ তারকা হোটেলের ঝলমলে পরিবেশ, থিম ধরে সাজপোশাক, তারকাদের উপস্থিতি, কেক কাটা আর নাচ-গান; সব মিলিয়ে জন্মদিন ঘিরে হতো আলোচনা। সেই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ত সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো বিমানের কেবিন ক্রু, কখনো ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে অনুষ্ঠানের অতিথিদের চমকে দিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে জন্মদিনের উদ্‌যাপন। বদলেছে তাঁর ব্যক্তিজীবনের চিন্তাভাবনাও। এখনো সাড়ম্বরে উদ্‌যাপন করেন জন্মদিন, তবে পরিসর আগের চেয়ে ছোট করে নিয়েছেন।