মাত্র চারটি সিনেমায় অভিনয় করেছিলেন তরুণী সচদেব। তবে বিজ্ঞাপনের পরিচিত মুখ থেকে বলিউডের পর্দায় জায়গা করে নেওয়া এই শিশুশিল্পীর জীবন থেমে যায় মাত্র ১৪ বছর বয়সে। নিজের জন্মদিনেই নেপালে বিমান দুর্ঘটনায় মায়ের সঙ্গে প্রাণ হারান তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রেখেছিলেন খুব অল্প বয়সে। বিজ্ঞাপনে তাঁর মিষ্টি মুখ পরিচিতি এনে দিয়েছিল। পরে অভিনয়ের সুযোগ পান বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে। মালয়ালম সিনেমাতেও কাজ করেছিলেন। বয়স বাড়লে হয়তো আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতেন। কিন্তু সেই সম্ভাবনার পথ চিরতরে বন্ধ হয়ে যায় এক মর্মান্তিক দুর্ঘটনায়।